সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ৯ জানুয়ারি ২০২৬ , ১০:৫৮:১৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীনসহ পাঁচ নেতার বিরুদ্ধে লেপসিয়া বাজার থেকে কোটি টাকা চাঁদাবাজি এবং জলমহাল দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগটি গত ৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিতভাবে দেন।
অভিযোগকারীরা হলেন জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের মো. আক্তারুজ্জামান চৌধুরী ও মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান। তারা নিজেদের দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, মো. আব্দুর রউফ স্বাধীনের নেতৃত্বাধীন এই গ্রুপ, যাকে স্থানীয়ভাবে “সুপার ফাইভ বাহিনী” নামে ডাকা হয়, দলীয় প্রভাব ব্যবহার করে জলমহাল, ফিসারী, বাজার ইজারা ও সরকারি টেন্ডারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে চাঁদাবাজি করছে। অভিযোগ অনুযায়ী, লেপসিয়া বাজার থেকে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আদায় করা হয়েছে।
ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, রানীচাপুর, মরানদী, চুনাই, ধনুনদী, রৌয়াদিঘা, নাজিরপুর-মুরাদপুরসহ একাধিক ফিসারী বর্তমানে ওই গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। তারা দাবি করেন, ফিসারীতে বিনিয়োগের পর গ্রুপের লোকজন হামলা চালিয়ে উচ্ছেদ করেছে।
অভিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, “অভিযোগটি শুনেছি। তদন্ত হোক, দোষি প্রমাণিত হলে আমি পদত্যাগ করবো। যদি দোষ প্রমাণ না হয়, তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিষয়টি মূলত জলমহাল ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব।”
জেলা বিএনপির সভাপতি চিকিৎসক অধ্যাপক আনোয়ারুল হক বলেন, “এই অভিযোগ সম্পর্কে আমার জানা নেই। কেন্দ্র থেকেও কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”




















