প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি: ২ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
স্বজনরা জানান, বুধবার সকালে দুই ভাই একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে ধানক্ষেতে কাজ করতে যান। সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং আবহাওয়া ছিল প্রতিকূল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহতদের ভাতিজা রাজিব বাছাড় বলেন, সকালে তাঁর দুই কাকা মাঠে কাজ করতে গিয়েছিলেন। বজ্রপাতের পর ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
বিধান বাছাড় স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছাড় স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় কৃষকসহ মাঠে কাজ করা মানুষকে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে ও পানির কাছাকাছি অবস্থান না করে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।





















