নওগাঁ প্রতিনিধি: ৩১ আগস্ট ২০২৬ , ৭:৫২:৫৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখা হয়েছে।
পরে ডিবি পুলিশের একটি দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় মাহমুদুল হাসান ওরফে রুবেলের শয়নকক্ষ তল্লাশি করে একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ১১টি পোটলায় রাখা ছিল। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে গাঁজার পরিমাণ ৪২ কেজি ৫০০ গ্রাম।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও এক ব্যক্তির সহযোগিতায় গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশ দীর্ঘ দুই মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















