অপরাধ

সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

  সিরাজগঞ্জ প্রতিনিধি : ৯ জানুয়ারি ২০২৬ , ২:৫২:২১ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গাজীপুরে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হৃদয় (১৯)। তিনি সিরাজগঞ্জ শহরের ধানবান্দি মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন কিশোর, যাদের বয়স ১৮ বছরের নিচে। তাদের মধ্যে দুজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে গাজীপুরের গাছা উপজেলার মালেকের বাড়ি এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাহিরগোলা রোড এলাকায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ এম এমুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content