প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ১০:১৭:৩১ প্রিন্ট সংস্করণ
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও দলবদলের জোরালো গুঞ্জনের মধ্যেই অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। সোমবার বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে তিনি স্পেনে ফিরে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দিয়েছেন।
দেশের হয়ে বিশ্বকাপ খেলার পর ছুটিতে ছিলেন ভিনিসিয়ুস। স্পেনে ফিরে প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর সতীর্থদের সঙ্গে ক্লাবের অনুশীলন কেন্দ্রে নতুন প্রধান কোচ জোসে মরিনিয়োর অধীনে প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেন তিনি।
ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রাহিম দিয়াজ বিশ্বকাপ শেষে দলে ফিরেছেন। সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা দলের অনুশীলনে অংশ নিয়েছেন।’
এর আগে জানা যায়, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি থাকায় নতুন চুক্তিতে সমঝোতা না হলে এ মৌসুমেই ভিনিসিয়ুসকে ছেড়ে দিতে রাজি হতে পারে রিয়াল মাদ্রিদ।
এদিকে ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে মনে করছে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। তবে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি।
সূত্রের দাবি, নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে এখনো রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে কোনো বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়নি।
প্রাক্মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে ইতালির ফিওরেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক দলের হয়ে প্রথম গোলটি করেন।
আগামী শনিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ফেরেঙ্কভারোসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের প্রস্তুতিতে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়া কোচ জোসে মরিনিয়ো দলকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন।















