প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ৩:১২:৫৩ প্রিন্ট সংস্করণ
ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের হুমকি ঘিরে বুধবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ছিনতাইয়ের হুমকিসংবলিত বার্তা পাওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটির একটি শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি লেখা একটি বার্তা দেখতে পান সংশ্লিষ্টরা।
প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের প্রস্তুতির সময় বার্তাটি নজরে আসে। বিষয়টি জানতে পেরে উড়োজাহাজটির পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন।
পরে উড়োজাহাজটিকে বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন নিরাপত্তা এলাকায় (আইসোলেশন বে) নিয়ে যাওয়া হয়। সেখানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা দল ব্যাপক তল্লাশি শুরু করে।
উড়োজাহাজটির প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়।
এদিকে, হুমকির বার্তাটি কে লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। বিমানবন্দর চত্বর এবং উড়োজাহাজের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধারের তথ্য কিংবা হুমকির উৎস সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।





















