গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:১৪:০৭ প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব বাঁধের পাড়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে মো. আলমগীর হোসেনের বসতবাড়ি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে, ফলে পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি।
এ ঘটনায় বসতঘর, আসবাবপত্র, দুটি গরু, একটি ছাগল, নগদ এক লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন, পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে জামায়াতে ইসলামী গজঘণ্টা ইউনিয়নের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং প্রাথমিক সহায়তা হিসেবে চাল, ডাল, কাঁচাবাজার, শুকনো খাবার, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
পরদিন (২০ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ আরও বড় পরিসরে সহায়তা নিয়ে হাজির হন। তারা ৪ বান্ডিল টিন, কাঠ, বাঁশ ও শ্রমিকসহ ঘর নির্মাণের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ফরিদউদ্দিন সুজা, সেক্রেটারি মাওলানা মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. আরিফ হোসেন, ১ নং ওয়ার্ড সভাপতি মো. লিজু আহমেদ, ৬ নং ওয়ার্ড সভাপতি মো. শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মো. আশরাফুল আলম বলেন, “এ ধরনের দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।”
জামায়াতে ইসলামীর সহায়তার পাশাপাশি উপজেলা প্রশাসনও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ৬ হাজার টাকার চেক ও ২ বান্ডিল টিন প্রদান করা হয়, যা উপজেলা সমাজসেবা অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন।
আব্দুল আলীম প্রামাণিক /এমআই














