খেলাধুলা

অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ২:২৪:৪০ প্রিন্ট সংস্করণ

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেন। এ ছাড়া ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার’ মামলায় তিনি জামিন পান। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হয়েছেন।

এর আগে, গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৪ আগস্ট ই-ক্যাব সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

প্রসঙ্গত, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক-গবেষক, শিশু সংগঠক এবং সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মেয়ে শমী কায়সার নব্বইয়ের দশকে অভিনয়ে জনপ্রিয়তা পান।

আরও খবর

Sponsered content