সারাদেশ

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ছিনতাই মামলার প্রধান আসামি কারাগারে

  নওগাঁ প্রতিনিধি: ১৬ জুন ২০২৬ , ১:৫৯:৪৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রশিদ এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ধানবোঝাই ট্রাক ছিনতাই মামলার প্রধান আসামি আব্দুল হান্নান মন্ডলকে (৪৬) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নওগাঁর আমলী আদালত-২ এর বিচারক সালমান শুভ এ আদেশ দেন। মামলাটি বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে বিচারাধীন রয়েছে।

কারাগারে পাঠানো আব্দুল হান্নান মন্ডল মান্দা উপজেলার চক কুসুম্বা গ্রামের সাবেদ আলী মন্ডলের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়াভিত্তিক রশিদ এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের একটি ট্রাকে প্রায় ৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ২৫০ বস্তা জিরা মিনিকেট ধান পরিবহন করা হচ্ছিল। নিয়ামতপুর থেকে গন্তব্যে যাওয়ার পথে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি নসিমন ও ভুটভুটি গাড়ি দিয়ে ট্রাকটির গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, পরে ট্রাকচালককে জিম্মি করে ট্রাকটি কুসুম্বা এলাকায় নিয়ে যাওয়া হয় এবং প্রধান আসামির মালিকানাধীন একটি ধানের আড়তে নিয়ে সব ধান খালাস করা হয়।

ঘটনায় দায়ের করা সিআর-৭৪৮/২৫ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯২ ধারায় (ছিনতাই) আব্দুল হান্নান, তার দুই ভাই ও এক সহযোগীসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকালে মান্দা থানা পুলিশ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হলেও লুণ্ঠিত ২৫০ বস্তা ধান এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

গত রোববার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামী রাজ্জাক আদালতে জামিন আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হোসেন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল হান্নান মন্ডল অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির কিছু নেতাকর্মীর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বহুল আলোচিত এই ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার ও কারাগারে যাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা ছিনতাই হওয়া ধান দ্রুত উদ্ধার এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content