স্টাফ রিপোর্টার | বরিশাল ২৫ জানুয়ারি ২০২৬ , ৬:২৮:৪৩ প্রিন্ট সংস্করণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর আবারও পেছানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ২৭ জানুয়ারিতেও বরিশালে আসছেন না। এর আগে এক দফা সফর পেছানো হয়েছিল। দুই দফায় সফর স্থগিত হওয়ায় নতুন তারিখ নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে স্থগিত করা হয়েছে তার নির্বাচনি জনসভার কর্মসূচিও।
দলীয় সূত্র জানায়, পরিবর্তিত সফরসূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি অথবা ১ ফেব্রুয়ারি বরিশাল সফর করতে পারেন তারেক রহমান।
সূত্র মতে, ঐতিহ্যবাহী বরিশাল বেলস পার্কে আয়োজিত বিভাগীয় জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগজুড়ে প্রস্তুতিও চলছিল।
এর আগে গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। সে লক্ষ্যে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠ প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। পরে সফর এক দিন পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। ওই তারিখ ধরে বেলস পার্ক মাঠ প্রস্তুতিসহ বিভাগজুড়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তবে শনিবার সন্ধ্যায় হঠাৎ করে জানানো হয়, ২৭ জানুয়ারিতেও বরিশালে আসছেন না তিনি।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে দলের চেয়ারম্যান তারেক রহমান আসবেন—এ খবরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছিল। তবে দুই দফায় সফরের তারিখ পরিবর্তন এবং পরবর্তী সফরের নির্দিষ্ট সময়সূচি না থাকায় নেতা-কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন। তবু আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই তিনি বরিশালে আসবেন।’
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘বিএনপির চেয়ারম্যান বর্তমানে চট্টগ্রাম সফরে রয়েছেন। সেখানে কর্মসূচি শেষ করে ২৭ জানুয়ারি বরিশালে আসা কঠিন হয়ে যাওয়ায় সফর কিছুটা পিছিয়ে আনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সম্ভবত ৩১ জানুয়ারি কিংবা ১ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশাল সফর করবেন।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, ‘তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল। আবার বিকল্প পথে বরিশাল ত্যাগ করার একটি পরিকল্পনাও ছিল। পুরো শিডিউল সমন্বয়ের জটিলতার কারণেই সফর পেছাতে হয়েছে। তবে বরিশাল সফর বাতিল হয়নি। কবে তিনি আসবেন, সে বিষয়ে পরে কেন্দ্র থেকে জানানো হবে।’
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ সময় পর এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের কথা ছিল তার।














