প্রচ্ছদ

মান্দায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত ১

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৫৪:২১ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধ ও বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জামরুল ইসলাম  ওরফে জামু নামে এক যুবক নিহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে।

স্থানীয়রা জানান,নিহত জামরুল ইসলাম  ওরফে জামু (৪২) চকমানিক গ্রামের হাসান আলীর ছেলে । অপরদিকে প্রতিপক্ষের  আবুল ও আব্দুল মতিন একই গ্রামের বাসিন্দা।  তারা একে অপরের প্রতিবেশী। সম্পর্কে তারা ভাই ভাতিজা হন। জামুর প্রতিবেশী চাচা আবুল এবং আবুলের ছেলে মতিন চাচাতো ভাই হন। জামু গরিব পরিবারের সন্তান। আর আবুলেরা বেশ সম্পদশালী। আবুলের ছেলে মতিন উপ সহকারী কৃষি কর্মকর্তা। তাদের যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে। আর সেকারণে তারা সবসময় দাম্ভিকতা দেখিয়ে চলতো। এমনকি আজ শুক্রবার সকালে বাড়ির পাশের একটি বিলের কুয়াই মাছ মারাকে কেন্দ্র উভয়ের মাঝে বাক বিতন্ডা হয়। এরই জের ধরে প্রতিপক্ষের আবুল ও তার ছেলে মতিনের অতর্কিতভাবে হামলায় ঘটনাস্থলেই নিহত হন জামু। ঘটনার পর আবুল পালিয়ে গেলেও তার ছেলে মতিনকে বিলের মধ্যে ধাওয়া করে আটক করে স্থানীয় লোকজন। এ ঘটনায় অত্র এলাকাজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেনো কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content