স্টাফ রিপোর্টার ১২ ডিসেম্বর ২০২৫ , ৭:৪৯:০১ প্রিন্ট সংস্করণ
জাগরণ সেন্টার ফর ডেভেলপমেন্টের সৌজন্যে জাগরণ শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত “বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫”-এর ঢাকা পর্ব শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়।
জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য রাকিব হাসান বলেন, “সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ঢাকা পর্ব সম্পন্ন হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজনের ইচ্ছা রয়েছে।”
অভিভাবকেরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুরান ঢাকার এসআই এহসান উল্লাহ সরকার, যাঁর ছেলে মো. মুজাহিদুল ইসলাম সিয়াম (ষষ্ঠ শ্রেণি) পরীক্ষা দিয়েছে, আশা প্রকাশ করেন যে বৃত্তি পরীক্ষা প্রতি বছর অব্যাহত থাকবে। দক্ষিণখানের মোহাম্মদ জাকির হোসেন—যাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌস দিবা (মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম শ্রেণি) অংশ নেয়—ফাউন্ডেশনের সার্বিক মঙ্গল কামনা করে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা পড়াশোনায় উৎসাহ বাড়ায়।”
আয়োজকদের মতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে ৮ নভেম্বর সিরাজগঞ্জে ৮০০ জন এবং ১৫ নভেম্বর পঞ্চগড়ে রেকর্ডসংখ্যক ৩,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জাগরণ বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাকির হোসেন জানান, “২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে জাগরণ শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি প্রদান করছে। এবারও সেই ধারাবাহিকতায় সারা দেশে পরীক্ষা চলছে। ২৫ ডিসেম্বর অনলাইন পরীক্ষার মাধ্যমে এ বছরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে।”
ফাউন্ডেশন জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত ফলাফল আগামী ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। অভিভাবকদের মতে, এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা ও পড়াশোনায় অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















