প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৬ , ২:২৮:০০ প্রিন্ট সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
আজ বুধবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এদিন ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগাম সতর্কতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশেপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন, যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে পারে।
আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হতো, এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার, কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার।
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।





















