ধর্ম

জেন-জির নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

  আন্তর্জাতিক ডেস্ক ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৬:৩১:২৭ প্রিন্ট সংস্করণ


আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে তরুণ প্রজন্ম ‘জেন-জি’র নেতৃত্বে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রবিবার (১২ অক্টোবর) ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে দেশ ত্যাগ করেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাদাগাস্কারের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো। তিনি বলেন, “প্রেসিডেন্ট রাজোয়েলিনা রবিবার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় তিনি পালিয়ে গেছেন। আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়েছি।”

তবে রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর আগে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছিল, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কিন্তু পরবর্তীতে সেই ভাষণ আর সম্প্রচারিত হয়নি।

দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, ফরাসি সামরিক বিমানে করেই দেশ ছাড়েন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, তার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন।

সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে চলমান এই আন্দোলনের সূচনা হয় গত ২৫ সেপ্টেম্বর। পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুতই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মৌলিক সেবার ঘাটতির বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নেয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

প্রায় ৩ কোটি জনসংখ্যার এই দেশে গড় বয়স ২০ বছরেরও কম। তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। স্বাধীনতার পর থেকে দেশটির মাথাপিছু জিডিপি ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। ভ্যানিলা উৎপাদনের জন্য পরিচিত মাদাগাস্কারের অর্থনীতি মূলত নিকেল, কোবাল্ট, বস্ত্র ও চিংড়ি রপ্তানির ওপর নির্ভরশীল।

আরও খবর

Sponsered content