মোঃ মিজানুর রহমান মিন্টু , স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ , ২:২৩:২৪ প্রিন্ট সংস্করণ
নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমরা যদি বাংলাদেশের পরিবর্তন চাই, তাহলে অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আগামী গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে না পারি, তবে ছাত্র-জনতার এত ত্যাগের বিনিময়ে যে সুযোগ এসেছে তা আমরা হারাবো এবং দেশ আবারও পুরোনো স্বৈরাচারী নিয়মে ফিরে যাবে।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সংস্কার এমনি এমনি হবে না। অতীতের মতো সরকার ও শাসনব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের সঙ্গে ব্যবসা ও যাত্রী পারাপার প্রসঙ্গে তিনি বলেন, ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমদানি অব্যাহত রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য কিছুই বন্ধ হয়নি। তবে বর্তমানে ভারত ভিসা কম দেওয়ায় যাত্রী পারাপার কিছুটা কমেছে। আশা করা যায়, নির্বাচনের পর নতুন সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্কের আরও উন্নতি হবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং স্থলবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বন্দর পরিদর্শন শেষে সন্ধ্যায় উপদেষ্টা পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘হ্যাঁ’ ভোট বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন।




















