অপরাধ

আগৈলঝাড়ায় ওসির নেতৃত্বে ৮০ পিস ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৩ আগস্ট ২০২৬ , ৪:৩৬:১২ প্রিন্ট সংস্করণ

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বাজারে কাওছার হাওলাদারের চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে পয়সারহাট বাজারের পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মৃত আব্দুর রব সরদারের ছেলে মহিউদ্দিন হেমওলা সরদার (৪২), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী গ্রামের মৃত বিজয় কৃষ্ণ মল্লিকের ছেলে বিকাশ মল্লিক ওরফে দয়াল (৪২), পশ্চিম নৈয়ারবাড়ী গ্রামের মোতালেব বয়াতীর ছেলে মিরন বয়াতী (৫২), উত্তরপাড় গ্রামের মৃত বিমল অধিকারীর ছেলে উজ্জল অধিকারী (৩০), পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বালিহারী গ্রামের আব্দুল বারেক ওরফে কাবারেকের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩) এবং আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মৃত গয়েজ উদ্দিন সরকারের ছেলে শামসুল হক (৪০)।
এ সময় আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামের এনাজউদ্দিন সিকদার ও মিজানুর রহমান সিকদার (৪২) পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, ইয়াবা বিক্রির সময় ৮০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content