সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক সংঘর্ষে যুবক নিহত, চালক গুরুতর আহত

  হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১:০৮:০১ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সংঘর্ষে জড়িত ট্রাকের চালকের সহকারী ছিলেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক ওবায়দুর রহমান, যাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ট্রাক নিয়ে কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারা উপজেলার দিকে যাওয়ার পথে তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ট্রাকচালক ওবায়দুর রহমান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অপর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।”

আরও খবর

Sponsered content