প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৮:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় নারী শক্তি। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়লেও অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জাতীয় নারী শক্তির নেতারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে। একই সঙ্গে তরুণদের একটি অংশ মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি শুধু জননিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, দেশের ভবিষ্যৎ প্রজন্মকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
বক্তারা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অপরাধের শিকার হচ্ছেন। নারী ও শিশুরাও নিরাপদ নয়। অথচ এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে যে ধরনের কঠোর, সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন, তা এখনো দেখা যাচ্ছে না। ফলে অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে এবং জনগণের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে নেতারা বলেন, মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দেশের বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। তারা বলেন, জনগণ যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো—এমন দাবি দায়িত্বশীলতার পরিচয় নয়।
বক্তারা কটাক্ষ করে বলেন, ‘চোখে কাঠের চশমা’ পরে থাকলে রাজপথে মানুষের দুর্ভোগ ও বাস্তব চিত্র দেখা সম্ভব নয়। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই ‘কাঠের চশমা’ খুলে মাঠে এসে সাধারণ মানুষের বাস্তব অবস্থা দেখার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার সংকটেও মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। একদিকে নিরাপত্তাহীনতা, অন্যদিকে জীবনযাত্রার ব্যয় ও মৌলিক সেবার সংকট—সব মিলিয়ে জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে।
নেতারা অবিলম্বে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জননিরাপত্তা নিশ্চিত করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশজুড়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানমসহ জাতীয় নারী শক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা।





















