রাজনীতি

স্বাভাবিক ভোট হলে ফল মেনে নেব: মামুনুল হক

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

ঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ হলে ফলাফল যাই হোক তা তিনি মেনে নেবেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, কৃত্রিম কোনো সংকট যদি না তৈরি করা হয়, স্বাভাবিক ভোটগ্রহণ যদি হয় এবং জনগণ যদি স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ভোটের ফলাফল মেনে নেব। তা সবারই মেনে নেওয়া উচিত।’

তবে রাত থেকেই ‘কিছু অনিয়মের’ খবর পেয়েছেন বলে দাবি করে তিনি বলেন, ‘সে বিষয়গুলো আমরা নিজেরা যাচাই করার সুযোগ পাইনি। প্রশাসনকে জানিয়েছি।’

অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তাজনিত কোনো সংকট নেই।’ তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

সকাল ৮টায় মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়েন মামুনুল হক। প্রথমে তাকে দ্বিতীয় তলায় ভোটকক্ষে যেতে বলা হয়। পরে সেখানে গেলে তাকে তৃতীয় তলায় যেতে বলা হয়। তৃতীয় তলায় যাওয়ার পর আবার দ্বিতীয় তলায় ফেরত পাঠানো হয়। প্রায় আট মিনিট পর জানা যায়, প্রথমে যে কক্ষে তিনি গিয়েছিলেন সেখানেই তার ভোট। পরে সেখানেই ভোট দেন তিনি।

এই ঘটনাকে ‘সামান্য ভুল বোঝাবোঝি’ বলে মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, ‘ভোট কক্ষের সংখ্যার কারণে একটু হয়ত ভুল বোঝাবোঝি হয়েছে। এটা খুব একটা সমস্যা না।’

কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটারদের ভিড় খুব বেশি ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোটারদের অভিজ্ঞতায়ও ছিল ভিন্নতা। কাদেরাবাদ হাউজিংয়ের বাসিন্দা ও একটি বেসরকারি মেডিকেল কলেজের কর্মী আব্দুল মজিদ বলেন, ‘নিজের ভোট নিজে দিতে পেরেছি, এটাই ভালো লাগছে। তবে সময় একটু বেশি লাগছে। তার মতে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় আনুমানিক ১৫ মিনিট সময় লেগেছে।’

অন্যদিকে ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, তার ভোট দিতে সময় লেগেছে প্রায় পাঁচ মিনিট। দুইটা ভোট একসঙ্গে দেওয়ার কারণে একটু সময় লেগেছে। তবে ভোট দিতে কোনো সমস্যা নেই বলে জানান তিনি।

সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও দুই ধরনের ভোট একসঙ্গে হওয়, তিনি সকাল থেকে জাপা ও সিবিপির কোনো এজেন্টকে আসতে দেখেননি।

আরও খবর

Sponsered content