মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৯ আগস্ট ২০২৫ , ১১:৩৯:৪২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে সুজন মিয়া (২০)।
অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।




















