প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৫:০০:২০ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে নতুন কার্যালয় চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ কার্যালয় থেকেই দলের নির্বাচনী কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ পরিচালিত হবে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানের ৯০ নং সড়কের ১০ সি ঠিকানার নির্বাচনী অফিস উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনী কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে সহজে যেকোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই নির্বাচনী অফিস।
তিনি আরও জানান, এই নির্বাচনী অফিসে থাকছে একটি কল সেন্টার। কল সেন্টারের ১৬৫৪৩ নম্বরে যেকোনো বিষয়ে দলীয় নেতাকর্মীরা পরামর্শ ও সহায়তা পাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, চার তলায় এই ভবনের নিচ তালায় নেতা কর্মীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। দোতলায় রয়েছে ব্রিফিং রুম। তিন তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে। চারতলায় থাকছে গবেষণা সেল।





















