স্পোর্টস রিপোর্টার ৩ নভেম্বর ২০২৫ , ১১:২৮:৪৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন করপোরেট দুনিয়ার পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার বিসিবিকে চিঠি দিয়ে তাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে। তার অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ এখন পূর্ণতা পেল।
সাধারণত এনএসসি থেকে দুজন কাউন্সিলর মনোনীত হন। চলতি বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দিয়েছিল, তাদের একজন ইসফাক আহসানকে ঘিরে বিতর্ক দেখা দেয়। পরবর্তীতে তিনি পদত্যাগ করায় তার স্থলেই রুবাবাকে মনোনীত করা হয়েছে।
সূত্র জানায়, রুবাবা দৌলার কর্মস্থলের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় তিনি এতদিন দায়িত্ব গ্রহণ করেননি।
বর্তমানে তিনি ওরাকল (Oracle) এর বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে কাজ করেছেন।
১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্বে থাকাকালে তিনি জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ ও ক্রিকেটের উন্নয়নমূলক নানা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
করপোরেট অঙ্গনের পাশাপাশি রুবাবা দৌলা দীর্ঘদিন ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
আজ বিসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে রুবাবা দৌলার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এনএসসি থেকে মনোনীত অন্য কাউন্সিলর হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।




















