বরিশাল প্রতিনিধি : ৯ জানুয়ারি ২০২৬ , ৩:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, যা যুক্তিযুক্ত বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। তিনি জানান, অন্তর্বর্তী সরকার হয়তো একটি প্রাথমিক কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে, তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।
ড. আহসান এইচ মনসুর বলেন, “আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। এক মাস পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। নির্বাচনের পর নির্বাচিত সরকার আগের কাজগুলো পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।”
ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরও সম্প্রসারিত হবে।
এ সময় তিনি দেশের আমদানিনীতিকে জটিল উল্লেখ করে বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে সময়মতো পণ্য আমদানি করা সম্ভব হয় না, ফলে বাজারে পণ্যের দাম বেড়ে যায়।
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















