অর্থ-বাণিজ্য

জাতীয় বৃক্ষমেলায় বিএডিসি’র স্টল পরিদর্শন করলেন চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ , ৯:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর আগারগাঁওয়ে চলমান ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) স্টল পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে তিনি মেলায় স্থাপিত বিএডিসি’র স্টলটি ঘুরে দেখেন। এ সময় তিনি ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে নির্ধারিত ও সুলভ মূল্যে বিভিন্ন উন্নত জাতের চারা সরবরাহ নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করেন।

ইসলাম ধর্মে বৃক্ষরোপণকে ‘সদকাহ’ হিসেবে গণ্য করা এবং বৃক্ষ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বৃক্ষ সম্পদের টেকসই গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারি পর্যায়ে নানা সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে গত ৯ জুলাই ২০২৬ থেকে মাসব্যাপী এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

মেলার শুরু থেকেই বিএডিসি’র স্টলে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্টলটিতে স্থান পেয়েছে দেশি-বিদেশি, সুপরিচিত ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির ফুল, ফল এবং ঔষধি গাছের চারা। পরিদর্শনের সময় বিএডিসি’র চেয়ারম্যান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা সফল করতে এবং দেশের পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আরও খবর

Sponsered content