প্রচ্ছদ

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১:৫৩:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:   জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “স্বৈরাচারদের সমিতি গঠন করা হলে, শেখ হাসিনা তার সভাপতি হতে পারেন। মিথ্যার পিএইচডি করলে হিটলারও হয়তো তার শরণাপন্ন হতেন।”

তিনি আরও বলেন, “আমাদের কারও বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ নেই, আমরা অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়বিচার চাই, আর সেই ন্যায়বিচারের পথেই সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। আমরা এখন একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ভবিষ্যতের বাংলাদেশে যেন আর খুনের রাজনীতি মাথাচাড়া দিতে না পারে, সেজন্যই এই বিচার অপরিহার্য।”

শুনানিকালে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এই বিচার অতীতের প্রতিশোধ নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। কেউ যতই ক্ষমতাবান হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। আসামি আদালতে উপস্থিত না থাকলেও ন্যায়বিচার থেমে থাকবে না। এমনকি বিদেশি রাষ্ট্রের নিস্ক্রিয়তাও এই বিচারে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।”

তিনি আরও জানান, “বিচারের প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”

আরও খবর

Sponsered content