প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৮:১৮:১৯ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিলো লেবার পার্টি। এবার ১১ দলীয় জোট হলো। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টি জোটে যোগ দেয়ার তথ্য জানানো হয়।
এর আগে ১১ দলীয় জোটের ঘোষণা দেয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যায়।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছিলেন, আজ তাদের নির্বাচনী জোটে আরও একটি দল যুক্ত হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী একটি দেশ গড়তে চাই। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি।





















