সারাদেশ

নিজ সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করলেন মা

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৯:১৮:০৯ প্রিন্ট সংস্করণ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ফাতেমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে বালিশচাপা দিয়ে নিজের সাত মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ঘাতক মাকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির নিশ্চিন্তপুর এলাকার লোকমান হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফাতেমা (২০) মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পার্শ্ববর্তী ভবানিপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।

ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, গত শনিবার সকালে তার ছোট বোন তার ছেলে ফারাবিকে নিয়ে বেড়াতে আসেন। আজ ভোরে শিশুটি চিৎকার করে কান্না করতে থাকে। একপর্যায়ে তার বোন (ফারাবির মা) তাকে জানান, শিশুটিকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। তখন তিনি রুমে গিয়ে দেখেন শিশুটির মুখের ওপর বালিশচাপা দেওয়া অবস্থায় রয়েছে। সে সময় শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসক দেখালে তাকে মৃত ঘোষনা করেন। তার বোন গত তিন বছর ধরে মানসিক রোগে আক্রান্ত বলেও জানান তিনি।

ফাতেমার মা খোদেজা বেগম দাবী করে বলেন, ‘আমার মেয়ে মানসিক রোগী। তার সঙ্গে জ্বীন-ভুত রয়েছে। তারাই আমার মেয়েকে দিয়ে এই কাজ করিয়েছে।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেশিশুটির সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। মাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

আরও খবর

Sponsered content