প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২৪:২২ প্রিন্ট সংস্করণ
প্রকৌশল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং যৌথভাবে বুধবার (৯ সেপ্টেম্বর) এ আয়োজন করে।
কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম। তিনি জটিল প্রকৌশল সমস্যা শনাক্তকরণ, শিল্পের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত ফাইনাল ইয়ার প্রজেক্ট তৈরি এবং আধুনিক নকশা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ওয়াশিংটন অ্যাকর্ড, বিএইটিই (BAETE) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) গাইডলাইন অনুযায়ী আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।
কর্মশালায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানগণসহ প্রায় অর্ধশত শিক্ষক অংশ নেন এবং প্রজেক্ট মূল্যায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে মতামত বিনিময় করেন।





















