সাতক্ষীরা প্রতিনিধি: ২৫ আগস্ট ২০২৬ , ২:২৬:৩৯ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনন্দ দাশ (৫৫) নামে এক গুড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে মহাসড়কের শাকদাহ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ দাশ ওই এলাকার কৃষ্ণপদ দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ দাশ পাটকেলঘাটা বাজারে গুড়ের ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে পাটকেলঘাটা বাজারের উদ্দেশে রওনা হন তিনি। পথে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের পাশে পড়ে রয়েছে। তবে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।





















