সারাদেশ

ভূরুঙ্গামারী থেকে নিখোঁজ অটোচালক হাসপাতালে, অটোরিকশার সন্ধান মেলেনি

  মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ১২:৪৭:২২ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে মো. আল-আমিন (রনজু) নামে এক অটোচালককে। তবে তাঁর চালানো নীল রঙের অটোরিকশাটির এখনো সন্ধান মেলেনি।

আল-আমিন ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আলম হোসেন। তিনি ‘ভাই ভাই ব্যাটারি হাউস’-এর একটি নীল রঙের অটোরিকশা চালাতেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আল-আমিনের মোবাইল নম্বর থেকে পরিবারের এক সদস্যের কাছে অপরিচিত এক ব্যক্তি ফোন করেন। ফোনে জানানো হয়, অটোরিকশাটি উলিপুর রোডে নেওয়া হয়েছে। এরপর থেকেই আল-আমিনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের অভিযোগ, ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে উলিপুর রোড এলাকায় দুর্বৃত্তরা আল-আমিনকে অচেতন করে তাঁর অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যেতে পারে।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, আল-আমিনকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তাঁর সঙ্গে থাকা নীল রঙের অটোরিকশাটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। অটোরিকশাটি দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আল-আমিনের পরিবার।

আরও খবর

Sponsered content