সারাদেশ

চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, দেশপ্রেম ও মানবিক চেতনা ধারণের আহ্বান

  নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৭:০৩:০৬ প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, দেশপ্রেম, বিদ্রোহী চেতনা ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি দেশপ্রেম, সাম্য, মানবতা ও স্বাধীনচেতা মানুষের কবি। অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর কলম সোচ্চার ছিল। দেশের মানুষের মুক্তি ও মর্যাদার জন্য তাঁর সাহিত্য আজও অনুপ্রেরণার উৎস।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। তাঁর সাহস, মানবিকতা, সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নিজেদের জীবনে প্রতিফলিত করতে হবে। নজরুলের দেশপ্রেম ধারণ করাই হোক আমাদের মূল অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশকে ভালোবাসতে হলে শুধু মুখে দেশপ্রেমের কথা বললেই হবে না। মানুষের পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের কাছে নজরুলের এই আদর্শ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুল মরশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবির কবিতা, সাহিত্য ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে অংশগ্রহণ করে। এ আয়োজনের মধ্য দিয়ে নজরুলের মতো অন্যায়ের বিরুদ্ধে সাহসী হওয়া, মানবতার পক্ষে দাঁড়ানো এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর

Sponsered content