বিনোদন

বিয়ে হয়নি বললেন পূজা চেরী

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১১:৪২:৫০ প্রিন্ট সংস্করণ

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরে বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হতে যাচ্ছে, এমন খবরের পাশাপাশি কোথাও কোথাও এরই মধ্যে বিয়ে হয়ে গেছে বলেও দাবি করা হয়।
এত দিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা চেরী।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা জানিয়েছেন, তার এখনো বিয়ে হয়নি।
একইসঙ্গে যাচাই-বাছাই ছাড়া তাকে নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
পূজা তার পোস্টে লিখেছেন, কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে।
কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় বিব্রত ও দুঃখিত বলেও জানান অভিনেত্রী।
বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে পূজা বলেন, ‘বারবার বলতে চাই, আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের কথা শোনা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল। এমনকি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিয়ে হয়ে যাওয়ার দাবিও সামনে আসে। তবে পূজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে তখন বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এবার নিজের ফেসবুক পোস্টে পূজা তার আগের একটি সাক্ষাৎকারের কথাও তুলে ধরেছেন। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে সেটি নিজেই প্রকাশ্যে আনন্দের সঙ্গে সবাইকে জানাবেন বলে জানিয়েছিলেন তিনি।
পূজা লিখেছেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’
এদিকে সাম্প্রতিক সময়ে ক্যামেরার সামনে পূজার অনুপস্থিতির কারণও জানিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত তাঁকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।
তবে নিজের বিয়ে নিয়ে বারবার খবর প্রকাশের বিষয়টি ভালোভাবে নেননি পূজা। কোনো তথ্য যাচাই না করে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের বিষয়টিও সামনে এনেছেন।
ফেসবুক পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে পূজা দাবি করেছেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তাঁর ভাষ্য, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’
সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। একইসঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ও মানুষের ভালোবাসার প্রতি নিজের সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তার বাগ্‌দান নিয়েও গুঞ্জন ছড়ায়। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজেই জানালেন, এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’**সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরও খবর

Sponsered content