সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): ৩১ আগস্ট ২০২৬ , ৭:৪২:২৭ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রীর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চিত্রা মডেল কলেজ। সোমবার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।
টুর্নামেন্টে চিত্রা মডেল কলেজ ২-০ গোলে সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজকে এবং খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসাকে হারিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ জয়ের মধ্য দিয়ে বন্দবিলা ইউনিয়ন পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি বাঘারপাড়া উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে চিত্রা মডেল কলেজ। উপজেলা পর্যায়ে দলটিকে আরও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তবে ইউনিয়ন পর্যায়ের এই সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর চিত্রা মডেল কলেজের খেলোয়াড়, শিক্ষক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মাঠে উপস্থিত দর্শকরাও বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।















