প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ২:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ
দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
রবিবার (১১ জানুয়ারি) সকালে জীবননগর উপজেলায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘বিগত আওয়ামী লীগসরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।’
জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব—উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জীবননগর উপজেলার জনগণের প্রত্যাশা, রাজনৈতিক সহাবস্থান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়েও আলোচনা হয়।




















