মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৬ জুন ২০২৬ , ১:০০:১০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) রাত পৌনে ৪টার দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার নির্দেশনায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর-ধর্মঘর সড়ক থেকে ৭২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া (২০), পিতা আজগর আলী এবং লিটন মিয়া (২২), পিতা মৃত নাগর আলী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।





















