খেলাধুলা

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৬ , ২:৩১:১৫ প্রিন্ট সংস্করণ

শ্রীলংকার টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে জাতীয় দলে নির্বাচনের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন ধনঞ্জয়া।

শ্রীলংকার পরবর্তী টেস্ট সিরিজ পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজটি শুরু হবে ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে। তবে ধনঞ্জয়ার উত্তরসূরি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি নির্বাচকরা।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা শ্রীলংকার প্রায় শেষ। এমন পরিস্থিতিতে পরবর্তী চক্র শুরুর আগে নতুন নেতৃত্বকে নিজেদের অবস্থান তৈরি করার সুযোগ দিতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ধনঞ্জয়া বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা এক বিবৃতিতে বলেন, ‘ক্যারিয়ারের বাকি সময়ের জন্য ধনঞ্জয়া ডি সিলভাকে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে শুভকামনা জানাই। টেস্ট দলে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। খেলোয়াড় হিসেবে তার দলে থাকার সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাই।’

চলতি বছর শ্রীলংকার টেস্ট দলের সময়টা খুব একটা ভালো কাটেনি, যদিও একেবারে বিপর্যয়করও ছিল না। এ বছর খেলা দুটি টেস্ট সিরিজই ১-০ ব্যবধানে হেরেছে তারা। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং পরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে।

শ্রীলংকার হয়ে অধিনায়ক হিসেবে ধনঞ্জয়ার রেকর্ড সাত জয়, আট হার ও তিন ড্র। অধিনায়ক হিসেবে তার সবচেয়ে সফল বছর ছিল ২০২৪। সে বছর বাংলাদেশকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারায় শ্রীলংকা। এরপর ওভালে একটি ম্যাচে জয় পেলেও সিরিজটি ২-১ ব্যবধানে হারে তারা। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় শ্রীলংকা।

তবে ২০২৪ সালের শেষ ভাগ থেকে ২০২৫ সালের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের বাইরে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা চারটি ম্যাচে হারের মুখেও পড়েছিল দলটি।

ধনঞ্জয়ার অধিনায়কত্বের সময়ে শ্রীলংকার টেস্ট ক্রিকেটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল ম্যাচের স্বল্পতা।

২০২৫ সালের জুনে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের পর টানা এক বছর শ্রীলংকার সূচিতে কোনো টেস্ট ম্যাচ ছিল না। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রেও শ্রীলংকার জন্য রাখা হয়েছে মাত্র ১২টি টেস্ট, যা সর্বনিম্ন সংখ্যা। এমন অল্প ম্যাচের সূচি টেস্ট বিশেষজ্ঞদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে ধনঞ্জয়া একাধিকবার মন্তব্য করেছেন।

ধনঞ্জয়ার পদত্যাগ শ্রীলংকার পুরুষ দলের নেতৃত্ব ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের অংশ। চলতি বছরের শুরুতে সাদা বলের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। চরিথ আসালঙ্কার কাছ থেকে দায়িত্ব নেওয়া মেন্ডিসকে টেস্ট অধিনায়কত্বের জন্যও বিবেচনা করতে পারেন নির্বাচকরা।

আরও খবর

Sponsered content