স্টাফ রিপোর্টার, মাদারীপুর: ১৩ জুন ২০২৬ , ৩:৩৫:২৩ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর শশিকর গ্রামে চারদিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় কানাই লাল সরকার ও স্বর্গীয় সাবিত্রী রানী সরকারের আত্মার চিরশান্তি কামনায় আয়োজিত এই ধর্মীয় উৎসব গভীর রাত পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ড. শুভ্র সরকারের উদ্যোগে এবং শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্গীয় কানাই লাল সরকারের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান ছিল তাঁর পিতা-মাতার স্মরণে তৃতীয় বার্ষিক আয়োজন।
গত চারদিন ধরে উৎসবস্থলে হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, আরতি এবং ভক্তিমূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা কীর্তনশিল্পী ও কীর্তনদল এতে অংশগ্রহণ করেন। তাদের সুমধুর হরিনাম পরিবেশনায় পুরো এলাকা ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।
সমাপনী দিনে সকাল থেকেই উৎসবস্থলে ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ এ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। হরিনাম সংকীর্তন শেষে উপস্থিত সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক পূরবী সরকার বলেন, “স্বর্গীয় পিতা-মাতার আত্মার শান্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় এই ধর্মীয় আয়োজন করা হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”
চারদিনব্যাপী এই আধ্যাত্মিক মিলনমেলা ডাসারসহ আশপাশের এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছে এই আয়োজন।




















