বিনোদন

‘পাকিস্তানি বর চাই’, পুরোনো ভিডিও ঘিরে আলোচনায় কঙ্গনা

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৬ , ১১:২৪:৩৭ প্রিন্ট সংস্করণ

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি নিজেকে ‘কট্টর হিন্দু’ হিসেবে পরিচয় দিয়ে দেওয়া এক মন্তব্যের পর এবার ভাইরাল হয়েছে তার বহু বছর আগের একটি ভিডিও, যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

কয়েক দিন আগে প্রকাশিত একটি ভিডিওতে কঙ্গনা নিজের ধর্মীয় পরিচয় নিয়ে মন্তব্য করার পাশাপাশি নাম উল্লেখ না করে বলিউডের এক অভিনেত্রীকে ইঙ্গিত করেন। তিনি দাবি করেন, কিছু তারকা বিয়ের আগে ধর্ম ও রাজনীতি নিয়ে নিরপেক্ষ অবস্থান নিলেও একজন মুসলিমকে বিয়ে করার পর তাদের রাজনৈতিক অবস্থান বদলে যায়। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এই মন্তব্যটি অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে লক্ষ্য করেই করা হয়েছে।

এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কঙ্গনার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে এক সাংবাদিক মজা করে জানতে চান, পাকিস্তান থেকে তার জন্য কেমন পাত্র খোঁজা যেতে পারে। জবাবে কঙ্গনা হাসতে হাসতেই বলেন, ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন পাত্র হলেই চলবে, তিনি তাকে চিনেন কি না, সেটিও বড় বিষয় নয়। একই সঙ্গে তিনি জানান, তিনি সাধারণ জীবন পছন্দ করেন এবং ভারতীয় ও মুঘলাই-দুই ধরনের রান্নাই করতে পারেন।

পুরোনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের দাবি, বর্তমানে ধর্ম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কড়া মন্তব্য করলেও অতীতে কঙ্গনার বক্তব্য ছিল ভিন্ন ধরনের। অন্যদিকে, অনেকেই মনে করিয়ে দিয়েছেন যে ভিডিওটির মন্তব্য ছিল নিছক হাস্যরসের অংশ। তবুও বিষয়টি ঘিরে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে।

 

আরও খবর

Sponsered content