প্রতিনিধি ৬ আগস্ট ২০২৬ , ১১:৪৭:৪৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে দ্বিতীয় বছরে যাত্রা শুরু করল ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম: ‘প্লেইং ফর পিস’। ফুটবলের মাধ্যমে শিশু ও তরুণদের ক্ষমতায়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্যে অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম ২০২৫-২৬ এর দ্বিতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠান ‘প্লেইং ফর পিস: এম্পাওয়ারিং ড্রিমস থ্রু সকার’ শীর্ষক আয়োজনের মাধ্যমে গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল টার্ফে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ঢাকা-১৭ আসনের সরকারি প্রতিনিধি আব্দুর রহমান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম এবং গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তামাল)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, কোচ, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং কর্মসূচির আওতাভুক্ত শিশুরা।
অভিযাত্রিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান, যা ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অফিসিয়াল পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে। বর্তমানে বিশ্বের ১৩৯টি দেশে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যার অন্যতম লক্ষ্য ফুটবলকে ব্যবহার করে শিশু ও তরুণদের জীবন দক্ষতা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তির সংস্কৃতি গড়ে তোলা।
অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে এবং প্রতীকী কিক-অফের মাধ্যমে দ্বিতীয় বছরের কার্যক্রমের শুভ সূচনা করেন। পরে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশুদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শিশু ও তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত কাজ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তারা বাংলাদেশের শিশুদের উন্নয়নে এমন আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়নের জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনকে অভিনন্দন জানান।
সভাপতির বক্তব্যে আহমেদ ইমতিয়াজ জামি বলেন, ‘ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম বাংলাদেশের শিশুদের জন্য একটি আন্তর্জাতিক সুযোগ সৃষ্টি করেছে। গত বছরের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় এবারও ১,১০০ শিশুকে নিয়ে আমরা এই কর্মসূচি পরিচালনা করব এবং ভবিষ্যতে আরও বেশি শিশুর কাছে এ উদ্যোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।’
উল্লেখ্য, ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকার ১,১০০ শিশু সারা বছরব্যাপী নিয়মিত ফুটবল প্রশিক্ষণ, প্রীতি ম্যাচ ও টুর্নামেন্ট, জীবন দক্ষতা শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং মেন্টরশিপ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।





















