রাজশাহী প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৪:২০ প্রিন্ট সংস্করণ
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশের মতো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ৩০ নভেম্বর প্রথম দফা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পূর্ণদিবসের “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া কোনো চিকিৎসা সঠিকভাবে সম্পন্ন হয় না। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদের ভূমিকা অপরিসীম, অথচ আমরা বৈষম্যের শিকার হচ্ছি।”
তারা আরও বলেন, “দীর্ঘদিনের এই বৈষম্য নিয়োগ প্রক্রিয়া ও কর্মপরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলেছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাড়া হাসপাতালের কার্যক্রম অচল, অথচ আমাদের দাবি অবহেলিত।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা পূর্ণ শাটডাউনে যেতে বাধ্য হব, আর এর ফলে দেশে চিকিৎসা সেবা বিপর্যস্ত হবে। কর্মবিরতির কারণে কোনো রোগী ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ফার্মাসিস্ট সাইদুর রহমান, এমট্যাব রাজশাহী সভাপতি জহুরুল ইসলাম, এমট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অসিম কুমার ঘোষ, এমটিএফ রাজশাহী সভাপতি মামুনুর রশীদ, এমট্যাব রাজশাহী সাংগঠনিক সম্পাদক মিনজাহুল ইসলাম, বৈষম্যবিরোধী মেডিকেল পরিষদের সভাপতি শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
এদিকে হঠাৎ এ কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েন। ল্যাব পরীক্ষা ও ওষুধ সেবা বন্ধ থাকায় রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে দাবি-দাওয়া মীমাংসায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।




















