মোঃ সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৯:০৮ প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর–৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মদ অপুর হাতে ফুলের মালা পরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বর্তমানে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা–কর্মী।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা গ্রামে মিয়া নুরুদ্দিন অপুর গণসংযোগকালে এ যোগদান অনুষ্ঠান হয়। যোগদানকারীদের নেতৃত্ব দেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।
যোগদানকালে জানে আলম খোকন মাদবর বলেন, “নাহিম রাজ্জাক আমার রাজনৈতিক জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিমের পক্ষে ছিলাম না, নৌকার জন্য কাজও করিনি। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই আমার বাড়িতে এসে আমার গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানিয়েছেন। এই মালার সম্মান আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব। আগে এই এলাকা নৌকার ঘাঁটি ছিল, ইনশাআল্লাহ এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
নুরুদ্দিন অপুর গণসংযোগ ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা জোরদার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



















