মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ আগস্ট ২০২৫ , ২:০৬:৪৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্থানীয় দুই দালাল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার দক্ষিণ খান থানার উত্তরপাড়া ফায়জাবাদ মাদ্রাসা এলাকার মো. মনির উদ্দিনের পুত্র মো. জহিরুল ইসলাম এবং লক্ষীপুর সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের পুত্র মো. ফাহিম (২২)।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া দুই দালাল হলেন—ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের পুত্র মো. শিপন মিয়া (২২) এবং কামাল মিয়ার পুত্র মো. হৃদয় (২০)।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ও পলাতকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আটক ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ চলাচল ও দালালচক্রের তৎপরতা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।




















