সারাদেশ

মহাখালী আইএইচটিতে ‘ওয়াসিম চত্বর’ উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২৪ জুলাই ২০২৬ , ১১:২১:২৮ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রাঙ্গণে জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে ‘ওয়াসিম চত্বর’-এর ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন প্রধান অতিথি হিসেবে চত্বরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মিল্টন বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ সব শহীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। মহাখালী আইএইচটিতে প্রতিষ্ঠিত ‘ওয়াসিম চত্বর’ আগামী প্রজন্মকে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ ওয়াসিম ছিলেন রাজপথের নির্ভীক যোদ্ধা। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আত্মত্যাগ ছাত্রদল সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মৃতি সংরক্ষণ করা সবার দায়িত্ব।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন বলেন, জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। শহীদ ওয়াসিমের আদর্শ ধারণ করেই শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কাজ করে যাবে।

আইএইচটি ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, আইএইচটি ছাত্রদলের সভাপতি আসাদ শিকদার, সাধারণ সম্পাদক আশিক জামাল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে শহীদ ওয়াসিম আকরামসহ জুলাই বিপ্লবের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content