প্রতিনিধি ৬ জুলাই ২০২৬ , ১২:২৮:২১ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ম্যাচের শুরু থেকেই সেলেসাও সমর্থকদের একের পর এক খোঁচা দিচ্ছিলেন এই অভিনেত্রী!
আজ সোমবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-নরওয়ের ম্যাচটি লাইভ উপভোগ করেন মেহজাবীন। গ্যালারিতে বসে ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় যেন আনন্দের মেজাজেই উদযাপন করলেন তিনি।
আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বকাপ ম্যাচ দেখার বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লিখেছেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
এ সময় লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত ছিলেন মেহজাবীন। গ্যালারিতে তাকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়।
ম্যাচ চলাকালে অনুরাগীদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই অভিনেত্রী। স্টেডিয়ামের বড়পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘বাই বাই ব্রাজিল’
সেলেসাওদের এমন নাটকীয় বিদায়ে মেহজাবীনের এই ট্রল ও উল্লাস-ভরা পোস্টগুলো সামাজিকমাধ্যমে এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে।
এদিকে, ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।















