প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১১:২৯:০৯ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেক সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার মহিষাখালী ও গঙ্গাজলী খালের পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে। জেলা কর্ণধার কমিটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, খাল পুনঃখননের ফলে এলাকায় জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন।
প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩ টাকা বরাদ্দ দেয়। উপজেলা প্রশাসনের দক্ষ পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা সাশ্রয় হয়। পরবর্তীতে সাশ্রয় হওয়া পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় উন্নয়ন, সুশাসন এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
নরসিংদী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্ত বণিক বলেন, জনস্বার্থে সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ ও দক্ষ বাস্তবায়ন সুশাসনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মনোহরদী উপজেলা প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ সরকারি অর্থ সাশ্রয় করে কোষাগারে ফেরত দিয়েছে, যা দায়িত্বশীল প্রশাসন ও জবাবদিহিতার উজ্জ্বল উদাহরণ। এ ধরনের উদ্যোগ সরকারি সম্পদের সঠিক ব্যবহারে জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে। এ সফল উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, সরকারি প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা, নিয়মিত মাঠ তদারকি এবং পরিকল্পিত বাস্তবায়নের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। ব্যয় সাশ্রয়ের মাধ্যমে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য ছিল। কাজ শেষে অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা একই ধারা অব্যাহত রাখব।





















