মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১০ জানুয়ারি ২০২৬ , ১০:৫১:৩১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠে স্থানীয় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।
এ সময় তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির মহাপরিচালকের ভিশন—‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’। এই ভিশন বাস্তবায়নে বিজিবি সদস্যরা সর্বদা সচেষ্ট ও বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।





















