মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৭:০৮ প্রিন্ট সংস্করণ
“৯ম পে-স্কেল না দিলে ঘুরবে না ট্রেনের চাকা”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলি রেলস্টেশনে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ে-এর কর্মচারীরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতিতে অংশ নেওয়া রেল কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় বাধ্য হয়েই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশন-এর হিলি শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, দীর্ঘ সময় ধরে ৯ম পে-স্কেলসহ একাধিক দাবি বাস্তবায়ন করা হয়নি। দ্রুত এসব দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
একই সংগঠনের হিলি শাখার সভাপতি আব্দুল ওহাব বলেন, রেল কর্মচারীরা দেশের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। অবিলম্বে ৯ম পে-স্কেল কার্যকর না করা হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে হিলি রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, সরকারি বিধি অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে রেল কর্মচারীদের জন্য কোনো নতুন পে-স্কেল কার্যকর হয়নি। অথচ এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েকগুণ বেড়েছে। বেতন অপরিবর্তিত থাকায় কর্মচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।




















