প্রতিনিধি ৩ আগস্ট ২০২৬ , ১১:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ
ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব রোমা। ইতালীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সম্ভাব্য চুক্তির বাস্তবতা যাচাই করতে রোমার ক্রীড়া পরিচালক টনি ডি’আমিকো ইতোমধ্যেই মাদ্রিদ সফর করেছেন।
গত মৌসুমে তৎকালীন কোচ জাবি আলোনসোর অধীনে খুব বেশি সুযোগ না পাওয়ায় এন্দ্রিককে ধারে ফ্রান্সের অলিম্পিক লিঁওতে পাঠিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেখানে ছয় মাসের সফল সময় কাটিয়ে তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপও খেলেন। এরপর আবার রিয়ালে ফিরেছেন, যেখানে এখন দায়িত্বে আছেন হোসে মরিনিও।
যদিও প্রাক্-মৌসুমের প্রস্তুতি ম্যাচে ফিওরেন্তিনার বিপক্ষে গোল করেছেন এন্দ্রিক, তবুও তাকে নিয়ে এখনো পুরোপুরি আশ্বস্ত নন মরিনিও। বরং সম্প্রতি লেভান্তে থেকে ১ দশমিক ৯৪ মিটার উচ্চতার শক্তিশালী স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস এস্পিকে প্রায় আড়াই কোটি ইউরোতে দলে ভিড়িয়ে তিনি ভিন্ন ধরনের একজন ফরোয়ার্ডের প্রতি নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন।
রোমা জানে, এন্দ্রিককে স্থায়ীভাবে কিনতে রিয়ালের চাওয়া অর্থ পরিশোধ করা তাদের পক্ষে কঠিন। তাই তারা ভিন্ন পথ বেছে নিতে চায়।
ইতালীয় ক্লাবটির পরিকল্পনা অনেকটা নিকো পাজের চুক্তির আদলে। ২০২৪ সালে মাত্র ৬০ লাখ ইউরোতে নিকো পাজকে ইতালির কোমোর কাছে ছেড়েছিল রিয়াল। তবে তখনই মাত্র ৯০ লাখ ইউরোতে তাকে ফেরানোর শর্ত যুক্ত করে রেখেছিল স্প্যানিশ ক্লাবটি।
ইতালির শীর্ষ লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর নিকো পাজের বাজারমূল্য অনেক বেড়ে যায়। এরপর রিয়াল পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আবার ৬ কোটি ইউরোতে কোমোর কাছেই বিক্রি করে। সেই চুক্তিতেও আরও বেশি অর্থে তাঁকে পুনরায় ফেরানোর শর্ত রেখে দেয় মাদ্রিদের ক্লাবটি।
রোমা এবার এন্দ্রিকের ক্ষেত্রেও একই ধরনের চুক্তি করতে চায়, যাতে ভবিষ্যতে রিয়াল চাইলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাকে ফিরিয়ে নিতে পারে।
রোমার প্রধান কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি শুরুতে মেসন গ্রিনউড কিংবা ক্রিসেনসিও সামারভিলকে দলে আনার আশা করেছিলেন। কিন্তু দুজনই অন্য ক্লাবে যোগ দেওয়ায় এখন তাঁর সব মনোযোগ এন্দ্রিককে ঘিরে।
বর্তমানে এন্দ্রিকের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদ রয়েছে ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত। তাই তাকে দলে টানতে হলে রোমাকে রিয়ালের সঙ্গে সমঝোতার বিশেষ পথই খুঁজে বের করতে হবে।









