প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১০:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ
সকাল থেকেই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দৌড়ঝাঁপ করতে দেখা গেল এনামুল হক বিজয়কে। হাতে একটি সাদা খাম, কখনও বিসিবির মূল কার্যালয়ে, কখনও বিপিএল গভর্নিং কাউন্সিল অফিসে ছুটছেন তিনি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এমন চিত্রই ধরা পড়েছে এই জাতীয় দলের সাবেক ব্যাটসম্যানের ক্ষেত্রে।
বিপিএল ড্রাফটের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৯ ক্রিকেটারের একজন এনামুল হক বিজয়। তিনি এবং বাদ পড়া অন্যান্য খেলোয়াড় রোববার আদালতে রিট দায়ের করেছিলেন নিলামের আগেই নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়ে।
রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দাখিল করা তিনটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি সিকদার মাহমুদুর রাযী ও বিচারপতি রাযিউদ্দিন আহমেদের ডিভিশন বেঞ্চ পিটিশনগুলো সারসংক্ষেপে খারিজ করে দেন।
রিট খারিজের পর হতাশ এনামুল বলেন, “কেউ নেই। কারও সঙ্গে কথা হয়নি।” এভাবেই বিসিবি ভবনের সামনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি।
তবে এখানেই থেমে যাচ্ছেন না এই ডানহাতি ব্যাটসম্যান। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও ক্রীড়া উপদেষ্টা বরাবর একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।
বিজয় বলেন, “বিসিবিতে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি—বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা বরাবর। আজকে আমার আসার মূল উদ্দেশ্য ছিল সেই নোটিশ হাতে পৌঁছে দেওয়া। বিসিবি সেটি গ্রহণ করেছে।”
তিনি আরও যোগ করেন, “পরবর্তীতে আমার আইনজীবীকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব। আমি আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ পর্যায়ে যাব।”
৩৩ বছর বয়সী এনামুল হক বিজয় দাবি করেছেন, তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি, আর বিপিএলে তাঁর বাদ পড়া “অন্যায্য ও অস্বচ্ছ” সিদ্ধান্ত। তাঁর এই লড়াই এখন ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





















