বিনোদন

সাদের গল্পে রাফির সিনেমা, নির্মাণের আগেই আন্তর্জাতিক স্বীকৃতি

  প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ২:৫৩:৪৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সিনেমা অঙ্গনে এক অভাবনীয় ও ঐতিহাসিক মেলবন্ধনের ঘোষণা এসেছে। ঢালিউডের ব্লকবাস্টার বাণিজ্যিক সিনেমার মাস্টারমাইন্ড রায়হান রাফি এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত বিকল্প ধারার সিনেমার প্রতিনিধি আবদুল্লাহ মোহাম্মদ সাদ এবার এক হয়েছেন।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদের গল্প ও চিত্রনাট্যে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফি, নাম ‘আইজ’। সিনেমাটি প্রযোজনা করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরা তরুণ প্রযোজক তানভীর হোসেন।

নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গন থেকে সুখবর বয়ে এনেছে এ প্রজেক্টটি। নির্মাণাধীন সিনেমা ‘আইজ’ মর্যাদাপূর্ণ ‘কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬’র জন্য নির্বাচিত হয়েছে। সম্প্রতি এমন খবরই দিয়েছেন নির্মাতা রায়হান রাফি।

এক ফেসবুক পোস্টে রাফি লিখেছেন, ‘কিছু চলচ্চিত্রের জন্ম হয় গল্প থেকে। কিছু চলচ্চিত্রের শুরুটা হয় কোনো প্রশ্নকে ঘিরে। আর “আইজ”- এর জন্ম এক অদম্য বিশ্বাস থেকে। দীর্ঘদিন ধরে আমরা তথাকথিত আর্ট হাউস আর বাণিজ্যিক সিনেমার এক কৃত্রিম দেয়াল টেনে রেখেছি। আমি কখনোই বিশ্বাস করি না যে, সিনেমাকে এমন কোনো গণ্ডির মধ্যে আটকে রাখা যায়।’

এ নির্মাতা বলেন, ‘একটি চলচ্চিত্র একই সঙ্গে আবেগঘন, বিনোদনধর্মী, চিন্তাশীল ও সমসাময়িক হয়েও দর্শকের মনকে গভীরভাবে নাড়া দিতে পারে। আমার কাছে সিনেমার সার্থকতা সবসময় এখানেই। “আইজ” আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ এ সিনেমাটির সূত্র ধরেই আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও তানভীর হোসেনের সঙ্গে আমার এক হওয়া।’

এ ত্রয়ী একত্র হওয়া প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘আমরা তিনজন সম্পূর্ণ ভিন্ন পটভূমি, ভিন্ন মনস্তত্ত্ব আর ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমাকে দেখি। আর এ বৈচিত্র্যই আমাদের এই যৌথ যাত্রাকে আমার কাছে এতটা রোমাঞ্চকর করে তুলেছে। সাদের শক্তি তার মনস্তাত্ত্বিক গভীরতা, নীরবতা ও নৈতিক টানাপোড়েন আর মানুষের ভেতরের ভঙ্গুর সত্যকে পর্দায় আনা।’

তিনি আরও বলেন, ‘আর তানভীরের শক্তি তার বিশ্বাস, অধ্যবসায় আর এই মেলবন্ধনকে বাস্তবে রূপ দেওয়ার মতো একজন প্রযোজকের দূরদর্শিতা। আমি সেখানে যোগ করেছি গতি, ব্যাপ্তি, আবেগ আর দর্শকের মনস্তত্ত্ব বোঝার সহজাত ক্ষমতা। আমার বিশ্বাস, এই ভিন্ন ভিন্ন শক্তির মেলবন্ধনেই “আইজ” তার নিজস্ব ভাষা খুঁজে পাবে।’

পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বসিত রায়হান রাফি বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নির্মাণাধীন সিনেমা “আইজ” “কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬”র জন্য নির্বাচিত হয়েছে।’

সবশেষে তিনি বলেন, ‘যে কাজটি আমরা অত্যন্ত যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে তুলছি, তার জন্য এটি একটি দারুণ অর্থবহ প্রথম পদক্ষেপ। এ প্রজেক্টটির ওপর আস্থা রাখার জন্য কোপ্রো-অ্যাক্সেস ল্যাব এবং পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। সেলিন লুপ, মাথিভানান রাজেন্দ্রন, পূজা মোহিতে- আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

আরও খবর

Sponsered content